প্রতিনিধি ১৭ মার্চ ২০২৬ , ১০:৪৭:৩৫ প্রিন্ট সংস্করণ
ঢাকার নবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সাবেক নেতা মিঠুন শীলকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে গোপনে ইফতার বিতরণের অভিযোগ উঠেছে, যা স্থানীয়ভাবে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা মিঠুন শীল
স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মিঠুন শীলের উদ্যোগে তৃণমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। তবে এই কর্মসূচি প্রকাশ্যে আয়োজন না করে নবাবগঞ্জের বিভিন্ন স্থানে গোপনে সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর একটি অংশের দাবি, মিঠুন শীল দীর্ঘদিন ধরে নিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সংশ্লিষ্ট কিছু কার্যক্রম পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকারও চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে মিঠুন শীলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।















