রাজনীতি

মনোনয়ন না পাওয়া থেকে টেকনোক্রেট মন্ত্রী ইয়াছিনের রাজনৈতিক জীবনে নতুন মোড়

  নিজস্ব প্রতিবেদক, দৈনিক মতপ্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৫১:২১ প্রিন্ট সংস্করণ

হাজি আমিনুর রশীদ ইয়াছিন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিন। তবে দলীয় সিদ্ধান্তে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। পরবর্তীতে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়ে তার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সদস্য হিসেবে শপথ নেন ইয়াছিন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।

মনোনয়ন না পাওয়া থেকে মন্ত্রিসভায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েও পাননি ইয়াছিন। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে মাঠপর্যায়ে প্রস্তুতি শুরু করেন। পরে দলের চেয়ারম্যান দেশে ফিরে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলার নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় তাকে।

আমিনুর রশীদ ইয়াছিন বর্তমানে কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এর আগে তিনি ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে বিএনপি মঙ্গলবার সরকার গঠন করেছে। ৫০ সদস্যের মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content