ইব্রাহিম সবুজ স্টাফ রিপোর্টার মাদারীপুর ৩১ অক্টোবর ২০২৬ , ২:০৭:১৯ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের কালকিনি উপজেলায় কর্মরত সাংবাদিকদের শীর্ষ সংগঠন “কালকিনি মডেল প্রেসক্লাব”-এর নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতৃত্ব উপহার দেওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হবে। আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখে নির্বাচনের দিন ও তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সংগঠন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ক্লাবের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ও পেশাদারিত্ব বজায় রাখতে এই উদ্যোগকে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সদস্য ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোটারদের দীর্ঘদিনের প্রত্যাশা কোনো ধরনের পক্ষপাতিত্ব বা স্বজনপ্রীতি ছাড়াই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যখন কমিটি গঠিত হবে, তখন তা সর্বমহলে গ্রহণযোগ্যতা পাবে এবং সংগঠনের সুনাম আরও সুদৃঢ় করবে।
নির্বাচন কমিশনের এই কড়া নজরদারি ও নিরপেক্ষ ভূমিকার মধ্য দিয়ে কালকিনি মডেল প্রেসক্লাব আগামী দিনে আরও বেশি গতিশীল ও সাংবাদিকদের অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা স্থানীয় সংবাদকর্মীদের।





















