প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ১:৫৫:৫৩ প্রিন্ট সংস্করণ
এক রাতের মধ্যেই উচ্ছেদ হওয়া যৌন পল্লীর মানবিক ও হৃদয়স্পর্শী গল্প নিয়ে তৈরি হয়েছে ‘রঙ বাজার’ সিনেমা। এর বড় একটি অংশের শুটিং হয়েছে সরাসরি দৌলতদিয়াতেই। শুটিংও শেষ হয়েছে প্রায় তিন বছর আগে। অবশেষে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার।
পরিচালক রাশিদ পলাশ তার ফেসবুকে পোস্টারটি শেয়ার করেছেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণাও দিয়েছেন, খুব শিগগিরই এর টিজার প্রকাশ করা হবে।
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। এতে পিয়া জান্নাতুল নায়িকার চরিত্রে, শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিন যৌনকর্মীর চরিত্রে, মৌসুমী হামিদ মাদক কারবারির চরিত্রে এবং লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠুকে রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে।
সিনেমার মূল ভাবনা দিয়েছেন তামজিদ অতুল এবং চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।
আসছে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক।





