সারাদেশ

 মাধবপুরে খেলাফত মজলিস নেতার রাস্তা দখল, সাত গ্রামের মানুষের দুর্ভোগ

   মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ২:৩২:২৫ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর এলাকায় সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণের ঘটনায় সৃষ্টি হয়েছে তীব্র জনদুর্ভোগ। অভিযোগ উঠেছে, খেলাফত মজলিসের স্থানীয় নেতা মাওলানা আব্দুল ওহিদ সরকারি রাস্তার দুই থেকে তিন ফুট অংশ দখল করে পাকা বাউন্ডারি দেয়াল তুলেছেন। ফলে দেবপুর, গোবিন্দপুর, তুলসীপুর, মোহনপুর, কালিকাপুর, দেবনগর ও অলিপুর—এই সাত গ্রামের ২০–৩০ হাজার মানুষের চলাচলের একমাত্র পথ সংকুচিত হয়ে পড়েছে।

রাস্তা সঙ্কীর্ণ হয়ে যাওয়ায় ছোট যান চলাচলেও মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পর্যন্ত প্রবেশে সমস্যা তৈরি হচ্ছে। কৃষিপণ্য পরিবহনেও দেখা দিয়েছে বিপর্যয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, “দিনের পর দিন পথের অবস্থা খারাপ হচ্ছে, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

এই ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা প্রকাশ করেছেন ধর্মঘর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও জুলাই মামলার বাদী আমিনুল রহমান আমিন। তিনি বলেন, “জামায়াত–জোটের প্রভাব দেখিয়ে সরকারি রাস্তা দখল করা হচ্ছে। সাধারণ মানুষ কষ্টে আছে—প্রশাসন কি এটা দেখবে না?” তিনি রাজনৈতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তবে অভিযোগ অস্বীকার করে মাওলানা আব্দুল ওহিদ বলেন, “পারিবারিক কবরস্থান রক্ষার জন্য দেয়াল নির্মাণ করেছি। রেকর্ড অনুযায়ী ভুল করিনি, তবে প্রয়োজনে দেয়াল ভাঙতে আমি প্রস্তুত।”

এ বিষয়ে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দিন বলেন, “যদি কোনো যুবদল নেতা অযথা মন্তব্য করেন, আমরা দলীয়ভাবে তার জবাব দেব। তবে আমাদের কোনো নেতা ভুল করলে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।”

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টিতে প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততা থাকায় অনেকে ভয় ও চাপের মুখে মুখ খুলতে পারছেন না। তাঁদের একটাই দাবি—“রাস্তা সবার, এটি রাজনৈতিক প্রভাবের জায়গা নয়, মানুষের চলাচলের পথ ফিরিয়ে দিতে হবে।”

আরও খবর

Sponsered content