মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৩১ অক্টোবর ২০২৬ , ২:২০:২৬ প্রিন্ট সংস্করণ
নিখোঁজের সাড়ে তিন বছর পর হবিগঞ্জের মাধবপুরে মহব্বত আলী নামে এক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে দেহাবশেষটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহ আলম (৪২) ও তাঁর স্ত্রী জাহানারাকে (৩৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার দুপুর ২টার দিকে ডিবির একটি দল রামনগর গ্রামে অভিযান চালায়। গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির সেপটিক ট্যাংক থেকে মহব্বত আলীর দেহাবশেষ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মহব্বত আলী রামনগর গ্রামের রুস্তম আলীর ছেলে। প্রায় সাড়ে তিন বছর আগে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করা হয়েছিল। দীর্ঘদিন তদন্ত চলার পর সম্প্রতি শাহ আলম ও তাঁর স্ত্রী জাহানারাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ-২ রনজিৎ রায় বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মহব্বত আলীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মহব্বত আলীর নিখোঁজের ঘটনায় প্রায় সাড়ে তিন বছর আগে থানায় মামলা হয়েছিল। বর্তমানে মামলাটি ডিবি তদন্ত করছে। শুক্রবার একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।





















