অপরাধ

টঙ্গীতে স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পোড়ানোর অভিযোগ, স্বামী আটক

  গাজীপুর প্রতিনিধি ॥ ১১ মে ২০২৬ , ১১:০৮:১৫ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় ওই নারীকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সাইদুল ইসলামকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৮ মে রাত আনুমানিক ১১টার দিকে টঙ্গীর নতুন বাজার ব্যাংকমাঠ বস্তি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে সাইদুল ইসলাম ঘরে থাকা পেট্রোল ছিটিয়ে দেন। পরে আগুন লাগার ঘটনায় ওই নারী গুরুতরভাবে দগ্ধ হন।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আহত অবস্থায় তাকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ঘটনার পর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তারা আরও দাবি করেন, ওই এলাকায় মাদক ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content