রাজনীতি

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নিন্দা ছাত্রদলের

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৬ , ৩:৫৪:৫০ প্রিন্ট সংস্করণ

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নিন্দা ও দ্রুততম সময়ে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শেষমুহূর্তে স্থগিত করা হয়েছে। অতীতের প্রশ্নপত্র ফাঁসের প্রমাণিত অভিযোগের মাঝেও পরীক্ষা চালিয়ে যাওয়ার যে সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল, এর বিপরীতে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেলে পরীক্ষা স্থগিত করা শ্রেয়তর পদক্ষেপ। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি একটি গর্হিত অপরাধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। প্রশ্নফাঁসের ঘটনায় যারা জড়িত, তাদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার কোন বিকল্প নেই। একইসাথে পরবর্তীতে এধরনের ঘটনা এড়াতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির বলেছেন, ‘লক্ষাধিক পরীক্ষার্থী ঢাকায় পরীক্ষার জন্য এসে শেষমুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়া অনভিপ্রেত বিষয়। এতে শিক্ষার্থীদের যে মানসিক, আর্থিক ও শারীরিক ক্ষতি হয়েছে, তা অপরিমেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাকুরীপ্রার্থীদের এ ধরনের ক্ষতি ও বিড়ম্বনার বিষয়ে সমব্যথী। আমরা এই অমার্জনীয় অপরাধের নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে পরিকল্পিতভাবে প্রশ্নপত্র ফাঁসকারী ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে। ভবিষ্যতে যেকোন উপায়ে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে।’

আরও খবর

Sponsered content