ঝিনাইদহ প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ১১:৩১:৪০ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. ওবায়দুর রহমান জিকু।
মামলা সূত্রে জানা যায়, বাদী তাপস সাধুখাঁ দীর্ঘদিন ধরে কলেজটিতে অফিস সহায়ক পদে কর্মরত। গত ২৬ ফেব্রুয়ারি কলেজে গেলে প্রভাষক আক্তারুল ইসলাম ও আব্দুল লতিফ তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে তাকে বিভিন্ন হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ২ এপ্রিল কলেজে দায়িত্ব পালন করতে গেলে আব্দুল লতিফের নেতৃত্বে একদল ব্যক্তি তাপসকে হকিস্টিকসহ বিভিন্ন অস্ত্র দিয়ে মারধর করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল ফোনে সাড়া পাওয়া যায়নি।
এছাড়া অভিযোগ রয়েছে, ওই দুই শিক্ষক গত কয়েক মাস ধরে কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীদেরও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।
এ ঘটনায় তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।




















