প্রচ্ছদ » অপরাধ » ফেসবুকে নারীর বিকৃত ছবি ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগ, মাধবপুর থেকে আটক ১
ফেসবুকে নারীর বিকৃত ছবি ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগ, মাধবপুর থেকে আটক ১
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৪ মে ২০২৬ , ৪:১১:৫৩প্রিন্ট
সংস্করণ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর বিকৃত ও অশ্লীল ছবি ছড়িয়ে সম্মানহানির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে র্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, বরিশালের বানারীপাড়া উপজেলার এক নারীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর অভিযুক্ত মো. মাহমুদ হাসান (৩৩) তাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ওই নারী প্রস্তাবে রাজি না হলে ক্ষুব্ধ হয়ে মাহমুদ ও তার সহযোগীরা ভুক্তভোগীর ছবি বিকৃত করে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অশ্লীল ছবি ও মিথ্যা তথ্য প্রচার করতে থাকে।
অভিযোগ রয়েছে, আরও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বানারীপাড়া থানায় মামলা দায়ের করলে র্যাব-৯ ও র্যাব-৮ যৌথভাবে ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় বুধবার বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মাহমুদ হাসানকে আটক করা হয়।
আটক মাহমুদ হাসান পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মৃত ইউসুফ আলী হাওলাদারের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।