প্রতিনিধি ১১ আগস্ট ২০২৬ , ২:৫৮:২২ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে। ডাকাতিতে বাধা দেওয়ায় বাড়ির মালিক স্বপন শিকদারকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোররাত আড়াইটার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের উত্তরপাড়ায় মৃত মোহাম্মদ আলীর ছেলে স্বপন শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ১৪-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল নদীপথে ট্রলারযোগে এসে স্বপন শিকদারের বাড়ির বারান্দার পকেট গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন। তবে ডাকাতরা দরজা ভেঙে কক্ষগুলোতে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে।
এ সময় গৃহকর্তা স্বপন শিকদার ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরে ডাকাতরা বাড়ি থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আবু সাঈদ শিকদার বলেন, ডাকাত দল বাড়ি থেকে বের হওয়ার সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। বাড়িটি মেঘনা নদীর তীরে হওয়ায় ডাকাতরা নদীপথে ট্রলারে করে পালিয়ে যায়। কয়েকজন স্থানীয় তাঁদের পিছু নিলে ডাকাতরা গুলি করার হুমকি দেয়। তাঁদের ধারণা, ডাকাতদের কাছে দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রও ছিল।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, গজারিয়ার নদীতীরবর্তী এলাকায় সাম্প্রতিক সময়ে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এর আগে গত ২২ জুলাই রাতে টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের আবু তালেব খন্দকারের বাড়িতে একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করা হয় বলে জানা গেছে।
এ ছাড়া সম্প্রতি বালুয়াকান্দি, টেংগারচর ও ভবেরচর ইউনিয়নের কয়েকটি নদীতীরবর্তী এলাকায় একই ধরনের ডাকাতির চেষ্টার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় নদীপথে ট্রলারযোগে সশস্ত্র ডাকাত দলের আসার তথ্য পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ধারাবাহিক এসব ঘটনায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।





















