মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ , ৪:১১:২২ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ রহমত উল্লাহ ওরফে বাশি (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি কথিত অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে বিপুল পরিমাণ অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ আগস্ট) রাতে শাপলাপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাছড়ি বাজার এলাকায় স্থানীয় লোকজনের হাতে আটক এক ব্যক্তির সন্ধান পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয় রহমত উল্লাহ ওরফে বাশি (৩০) হিসেবে জানা যায়। তিনি ছোট মহেশখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তেলিপাড়া এলাকার মৃত ছব্বির আহমদের ছেলে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহমত উল্লাহ জানান, কয়েকদিন আগে শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি পশ্চিম পাড়ার পাহাড়ের ভেতরে মোতাহেরা বেগমের মালিকানাধীন একটি ঘর ভাড়া নিয়ে তিনি অবস্থান করছিলেন। ওই ঘরে তার সহযোগী নমি উদ্দিনসহ আরও কয়েকজন অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম মজুত রেখেছেন।
তথ্যের ভিত্তিতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে গ্রেপ্তার রহমত উল্লাহর দেখানো মতে ওই ঘরের খাটের নিচ থেকে অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে—বন্দুকের কাঠের বাট ৪টি, ট্রিগার ম্যাকানিজম ৪টি, ব্যারেলের অংশ ৬টি, ট্রিগার ৮টি, রিসিভার কভার সদৃশ অংশ ৫টি, বিভিন্ন আকারের স্প্রিং ১৫টি, অন্যান্য ক্ষুদ্র যন্ত্রাংশ ১৫টি, লোহার হাতুড়ি, লেদ, বাটাল, লোহার পাইপ, ড্রিল মেশিন, স্ক্রু ড্রাইভার, করাত, উড প্ল্যানার, গ্রাইন্ডার, ইলেকট্রিক হেকসোসহ বিভিন্ন সরঞ্জাম।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আরও দুজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার রহমত উল্লাহ ও পলাতকদের বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





















