মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৩১ আগস্ট ২০২৬ , ৮:১৬:২৩ প্রিন্ট সংস্করণ
রাতের আঁধারে সংরক্ষিত বনাঞ্চল থেকে কেটে আনা বাঁশ পাচারের সময় হবিগঞ্জের মাধবপুরে একটি মিনি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। ট্রাকটিতে থাকা বাঁশের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নোয়াহাটি বাজার এলাকায় রঘুনন্দন রেঞ্জের জগদীশপুর বিট কাম চেক স্টেশনের বনকর্মীরা অভিযান চালিয়ে বাঁশবোঝাই মিনি ট্রাকটি জব্দ করেন। জব্দ করা গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৬-৮০৬৩।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াহাটি বাজারসংলগ্ন সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ বাঁশ পাওয়া যায়। বন বিভাগের দাবি, এসব বাঁশ সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কেটে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
পরে স্থানীয়দের সহায়তায় মিনি ট্রাকটি জব্দ করে জগদীশপুর ফরেস্ট বিট কাম অফিসে নিয়ে হেফাজতে রাখা হয়।
জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশনায় সংরক্ষিত বন ও বনজ সম্পদ রক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান চালানো হচ্ছে। বনসম্পদ পাচারের তথ্য পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে একটি চক্র বিভিন্ন বনাঞ্চল থেকে গাছ, বাঁশসহ বনজ সম্পদ কেটে পাচার করছে। একই সঙ্গে বনাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলনেরও অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে বনাঞ্চলের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।





















