মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার— ২৫ জানুয়ারি ২০২৬ , ২:৫৫:৩৫ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় সাড়ে ৩ হাজারের বেশি নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের একটি আমবাগান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ‘টেনশিয়ন’ ট্যাবলেট এবং ৪৮ বোতল ফেনসিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ।
মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮২/২-এস থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আমবাগানে এসব মাদক মজুদ করা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
প্রসঙ্গত, গত দুই মাসে ফেনসিডিলের বিকল্প ২ হাজার ২০০ বোতল নেশাজাতীয় সিরাপ ও ২৬ হাজার ৩০০ পিস ট্যাবলেট উদ্ধার করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়ন।




















