প্রচ্ছদ » সারাদেশ » শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪
শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪
তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ২৮ মার্চ ২০২৬ , ৯:০০:৪১প্রিন্ট
সংস্করণ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতে সমির বিশ্বাস (৪০) ও অপু বিশ্বাস (২২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন কৃষক আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে। নিহত সমির বিশ্বাস ওই গ্রামের সুশিল বিশ্বাসের ছেলে এবং অপু বিশ্বাস প্রকাশ বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমির বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের ক্ষেতে অপু বিশ্বাসসহ আরও কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সমির বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ জানান, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে গুরুতর আহতদের হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে সমির ও অপু মারা যান।