মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর : ১৩ এপ্রিল ২০২৬ , ১০:৫৭:০৭ প্রিন্ট সংস্করণ
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (১২ এপ্রিল ২০২৬) রাতে টঙ্গীর হিমারদিঘী আমতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা কার্যালয়, গাজীপুরের উপপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব উপজেলার আওলাকান্দা ও পঞ্চবটি এলাকার বাসিন্দা মিতু আক্তার (২৪) ও শারমিন (১৯) নামে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বাদী পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।















