এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ১ জুন ২০২৬ , ৬:৫৯:৪১ প্রিন্ট সংস্করণ
যশোরের ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর গ্রাম থেকে রাকিব হোসেন (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ৩০ মে সকাল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ মে সকাল ৭টার দিকে ঝিকরগাছা থানাধীন মোবারকপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হওয়ার পর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় রাকিব। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের কাছেও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু কোথাও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ রাকিবের মা মোছা. মিনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে কাউকে কিছু না বলে কখনো কোথাও যায় না। হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাবে, তা ভাবতেই পারছি না। প্রতিটি মুহূর্ত আমার কাছে অসহনীয় হয়ে উঠেছে। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই। কেউ যদি আমার ছেলের সন্ধান জানেন, দয়া করে আমাকে খবর দিন।”
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, রাকিবের বয়স আনুমানিক ১৬ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং চুল কালো। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা রঙের ফুলহাতা টি-শার্ট ও গাঢ় নীল রঙের ফুল প্যান্ট।
এ ঘটনায় রাকিবের মা মোছা. মিনা খাতুন বাদী হয়ে গত ৩১ মে রাতে ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩২৫) দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
এদিকে রাকিবের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরাও তার দ্রুত সন্ধান কামনা করেছেন।
কোনো ব্যক্তি রাকিব হোসেনের সন্ধান পেয়ে থাকলে অথবা কোথাও তাকে দেখে থাকলে দ্রুত নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।




















