প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ , ১২:৪০:১৫ প্রিন্ট সংস্করণ
ম্যানচেস্টার ইউনাইটেডের কর্তৃপক্ষের সমালোচনা করে বিতর্কে জড়ানোর পর ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। বৃহস্পতিবার ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর ইউনাইটেডের দল গঠন ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন মার্তিনেজ। তার অভিযোগ ছিল, প্রধান কোচ মাইকেল ক্যারিকের হাতে পর্যাপ্ত শক্তিশালী দল তুলে দিতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্তিনেজ বলেন, ‘আজ ক্লাবের নেতৃত্ব ও কোচের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এটি খুবই ইতিবাচক আলোচনা ছিল। মঙ্গলবারের ম্যাচের পর যা ঘটেছে, তা নিয়ে আমরা নিজেদের মতামত বিনিময় করেছি এবং খোলামেলা কথা বলেছি।’
নিজের আবেগপ্রবণ স্বভাবের কথা উল্লেখ করে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার বলেন, ‘সবাই জানেন, আমি আবেগপ্রবণ একজন মানুষ এবং ফুটবলকে অত্যন্ত গভীরভাবে অনুভব করি। হারের হতাশা থেকে আমি নিজের অনুভূতি প্রকাশ করেছিলাম। তবে সেই কথা বলার সময় ও স্থান হয়তো সঠিক ছিল না। এ জন্য আমি ক্ষমা চাইছি।’
আতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর মার্তিনেজ বলেছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের দল গঠনে আরও বিনিয়োগ করা উচিত ছিল। একই সঙ্গে ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের কাছ থেকেও আরও বেশি প্রত্যাশা করেন বলে জানান তিনি।
পরে নিজের মন্তব্যের ব্যাখ্যায় মার্তিনেজ বলেছিলেন, রাগ ও হতাশা থেকেই তিনি ওই কথা বলেছেন। তবে সতীর্থ, কোচ এবং ক্লাবের উন্নয়নে কাজ করা সবার ওপর তার আস্থা রয়েছে।
বৃহস্পতিবারের বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলেই আমাদের ক্লাব সেরা অবস্থানে থাকে। সেই মুহূর্তে আমার বলা কথাগুলো যে ঐক্য ধরে রাখতে সহায়তা করেনি, তা আমি বুঝতে পারছি।’
তিনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেকেই আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। এই ক্লাব ও এর সমর্থকেরা যে সাফল্যের যোগ্য, তা এনে দেওয়াই আমাদের লক্ষ্য। এই পরিস্থিতি এখন পেছনে ফেলে আমরা একসঙ্গে জয়ের দিকে মনোযোগ দিচ্ছি।’
ক্যারিকের দলে থাকবেন মার্তিনেজ?
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে কঠিন সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। নয় ম্যাচের মধ্যে মাত্র দুটি জয় নিয়ে দলটি ছয় পয়েন্টে তালিকার ১৩তম স্থানে রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় লিডস ইউনাইটেডের মাঠ এল্যান্ড রোডে খেলতে নামবে ইউনাইটেড। ম্যাচটির আগে শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলবেন কোচ ক্যারিক।
লিডসের বিপক্ষে ম্যাচে মার্তিনেজকে একাদশে রাখা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে ওল্ড ট্র্যাফোর্ডে তার দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
মার্তিনেজের বর্তমান চুক্তির মেয়াদ মৌসুমের শেষেই শেষ হওয়ার কথা। তবে চুক্তি আরও এক বছর বাড়ানোর বিকল্প রয়েছে ক্লাবের হাতে। সাম্প্রতিক মন্তব্য নিয়ে বিতর্কের অবসান হলেও সেই বিকল্প কার্যকর করা হবে কি না, সে সিদ্ধান্ত এখনো নেয়নি ইউনাইটেড।
এদিকে, ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন ‘দ্য ওভারল্যাপ’ পডকাস্টে ক্লাবটির বর্তমান পরিস্থিতিকে ‘একটা সার্কাসের মতো’ বলে মন্তব্য করেছেন।





















