প্রতিনিধি ৮ আগস্ট ২০২৫ , ৫:৫৩:৩০ প্রিন্ট সংস্করণ
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ-বটতলী সড়কের পূর্ব পাশে শান্তিপুর গ্রামে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বৈরি আবহাওয়ার মধ্যে হঠাৎ প্রচণ্ড বাতাসসহ ঘূর্ণিঝড় বয়ে যায়। প্রবল বেগে বাতাস বইতে শুরু করলে মুহূর্তেই অন্ধকার নেমে আসে। এতে অন্তত ৫–৬টি বাড়ির টিনের চাল, আসবাবপত্র ও গাছপালা তছনছ হয়ে যায়।
স্থানীয়রা জানান, আচমকা ঝড়ের শব্দ ছিল ‘হাতির সুর নামা’র মতো। ঘূর্ণিটি যেদিক দিয়ে গেছে, সেদিকের সবকিছু তছনছ করে ফেলেছে। শান্তিপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম বলেন, “এমন ঝড় জীবনে দেখিনি। মনে হচ্ছিল আকাশ থেকে কিছু একটা নেমে আসছে। কয়েকটি ঘরের চাল উড়ে গেছে, গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ চলে গিয়েছিল।”
ঝড়ে নেকমরদ-বটতলী সড়কের দুই পাশের গাছের ডালপালা ও ভাঙা টিনের টুকরো ছড়িয়ে পড়ে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
নেকমরদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন জানান, ঘটনাটি জানার পর ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ ৫–৬টি বাড়ি বলে জানিয়েছেন। চেয়ারম্যান আজ (শুক্রবার) সকালেই এলাকা পরিদর্শন করবেন।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি হচ্ছে এবং দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।





















