প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৬ , ৯:০৪:২১ প্রিন্ট সংস্করণ
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ফার্মগেট মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও স্টেশনটি চালু করা হয়।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ফার্মগেট স্টেশনের নিচে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় স্টেশন চালু করে যাত্রীসেবা শুরু করা হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে, সেটির কোনো যাত্রী বা চালককে পাওয়া যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে কারা বাসে আগুন দিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।





















