খেলাধুলা

হৃদয়-মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, গড়ল নতুন রেকর্ড

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৬ , ২:৫৫:৩৯ প্রিন্ট সংস্করণ

সিলেট টেস্টের পঞ্চম দিনে কঠিন পরিস্থিতি থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে হৃদয় ৮২ এবং মুশফিক ৪০ রানে অপরাজিত আছেন। তৃতীয় উইকেটে দুজন মিলে অবিচ্ছিন্ন ১২২ রানের জুটি গড়েছেন।

প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রান করা হৃদয় এক টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৩০০ বা তার বেশি রান করার কীর্তি গড়েছেন। ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে মুমিনুল হকের করা ২৮১ রানকে ছাড়িয়ে গেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক টেস্টে ৩০০ বা তার বেশি রান করা নবম ব্যাটারও হয়েছেন হৃদয়।

অন্যদিকে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রান পূর্ণ করেছেন মুশফিকুর রহিম।

দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই রস্টন চেজের বলে পরপর দুটি চার মারেন হৃদয়। এরপর জোমেল ওয়ারিকানকে কভার ড্রাইভে চার হাঁকান তিনি। মাইলফলক স্পর্শের পর জশুয়া বিশপের বলে কাট শটে চার মারেন মুশফিক। একই বোলারের বলে অর্ধশতক পূর্ণ করেন হৃদয়।

এরপর চেজকে মিডউইকেট দিয়ে সীমানাছাড়া করেন হৃদয়। বিশপকে সোজা ব্যাটে হাঁকান আরেকটি চার। পরে একই বোলারের বলে ওয়াইড লং-অনে ছক্কা মারেন তিনি। অন্যদিকে শামার জোসেফের বলে পয়েন্ট দিয়ে চার মেরে নিজের ইনিংস এগিয়ে নেন মুশফিক।

দুজনই বগুড়ার সন্তান। পঞ্চম দিনের সকালে ওয়ারিকানের জোড়া আঘাতে বিপাকে পড়া বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন তারা। প্রথমে তানজিদ হাসান ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন। উইকেটরক্ষক জশুয়া ডা সিলভা ওই জায়গায় ফিল্ডিংয়ে দাঁড়িয়ে ক্যারিয়ারের প্রথম আউটফিল্ড ক্যাচটি নেন। ক্যাচ ধরার জন্য ডা সিলভা যে নির্দিষ্ট জায়গায় সরে গিয়েছিলেন, তানজিদ হয়তো তা খেয়াল করেননি। তবে টেস্টের পঞ্চম দিনে বাঁহাতি এই ব্যাটারের এমন শট নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে।

এরপর ১৪ রানে নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউ করেন ওয়ারিকান। চোট পাওয়া সাদমান ইসলামের জায়গায় ওপেন করতে নামা শান্ত পেছনের পায়ে খেলতে গিয়ে ভেতরের দিকে ঘুরে আসা বলে পরাস্ত হন। মাঠের আম্পায়ার শুরুতে তাকে আউট দেননি। তবে রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করে ওয়েস্ট ইন্ডিজ।

সকালের সেশনে আগের দিনের ৩ উইকেটে ৩৪৫ রানের সঙ্গে আরও ৫৩ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। এ সময় হারায় আরও তিনটি উইকেট। ১৯৪ বলের ইনিংসে ১৭টি চার ও একটি ছক্কায় ১৪২ রান করে আউট হন কাভেম হজ। জাস্টিন গ্রিভস করেন ৯ রান। বড় শট খেলার জন্য আগে নামানো শামার জোসেফের সংগ্রহ মাত্র ১ রান। তবে জশুয়া বিশপ ১১ বলে দুই ছক্কা ও এক চারে ২০ রান করেন। অন্য প্রান্তে ৩৯ রানে অপরাজিত থাকেন আমির জ্যাঙ্গো।

আরও খবর

Sponsered content