খেলাধুলা

টেস্টে ৭ হাজার রানের মাইলফলকে প্রথম বাংলাদেশি মুশফিক

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৬ , ১:৩৮:২৬ প্রিন্ট সংস্করণ

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের শেষ দিনে মধ্যাহ্নবিরতির কিছুক্ষণ পর রস্টন চেজের বলে এক রান নিয়ে এই কীর্তি গড়েন তিনি। ওই রানেই তার সংগ্রহ দাঁড়ায় ৯-এ।

তবে মাইলফলক স্পর্শের বিষয়টি শুরুতে খেয়াল করেননি মুশফিক। সাজঘরে সতীর্থরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানোর পরই বিষয়টি উপলব্ধি করেন তিনি।

আঙুলের চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি মুশফিক। টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার ও ৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছিলেন তিনি। ২০২২ সালে ৫ হাজার এবং ২০২৪ সালে ৬ হাজার রান পূর্ণ করেন এই অভিজ্ঞ ব্যাটার।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় মুশফিকের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন মুমিনুল হক ও অবসর নেওয়া তামিম ইকবাল। তবে ৫ হাজার ২৯৩ রান নিয়ে মুমিনুল মুশফিকের চেয়ে প্রায় ২ হাজার রান পিছিয়ে।

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকাতেও মুমিনুল ও তামিমের ওপরে মুশফিক। তার সেঞ্চুরি ১৪টি। সর্বোচ্চ অপরাজিত ২১৯ রানের ইনিংসটি একসময় ছিল টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তবে সিলেট টেস্টেই অপরাজিত ২৪২ রান করে সেই রেকর্ড ভেঙেছেন তাওহিদ হৃদয়। মুমিনুলের সেঞ্চুরি ১৩টি, তামিমের ১০টি।

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মুশফিক বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার। সিলেট টেস্টটি তার ক্যারিয়ারের ১০৭তম। ২০২৫ সালের নভেম্বরে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তিও গড়েছিলেন তিনি।

ক্যারিয়ারের শুরুতে নিচের দিকের ব্যাটার ও উইকেটরক্ষক হিসেবে খেলতেন মুশফিক। টেস্টে প্রথম ১ হাজার রান পূর্ণ করতে তার লেগেছিল ২০ ম্যাচ। তবে বাংলাদেশ দলে তার ভূমিকা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রান করার গতিও। বিশেষ করে ২০১১ সালে অধিনায়ক হওয়ার পর থেকে ব্যাট হাতে আরও ধারাবাহিক হয়ে ওঠেন তিনি।

সময়ের সঙ্গে আরও দ্রুত রান তুলেছেন মুশফিক। টেস্টে ৬ হাজার থেকে ৭ হাজার রান পূর্ণ করতে তার লেগেছে মাত্র ২৫ ইনিংস।

টেস্টের পাশাপাশি ওয়ানডেতে ৬ হাজার ৬৯৭ এবং টি-টোয়েন্টিতে ১ হাজার ৪৯৫ রান করেছেন মুশফিক। তবে এই দুই সংস্করণ থেকেই অবসর নিয়েছেন তিনি।

আরও খবর

Sponsered content