দিনাজপুর প্রতিনিধি | মোঃ শাহ্ আলম মন্ডল ৫ জানুয়ারি ২০২৬ , ৩:৩১:১৬ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দোয়েল মোড় এলাকায় ট্রাকের চাপায় বিদ্দিস আলী বিদ্যুৎ (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্দিস আলী বিদ্যুৎ মোটরসাইকেলযোগে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিদ্দিস আলী বিদ্যুৎ দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাট এলাকার রইস উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




















