খেলাধুলা

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৬ , ১২:৪৮:৩১ প্রিন্ট সংস্করণ

আরও একবার নিজের প্রতিভার ছাপ রাখলেন কাভান সুলিভান। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে বাম পায়ের দুর্দান্ত শটে জাল কাঁপিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ।
তার গোলের সুবাদে নিউইয়র্ক রেড বুলসকে হারিয়ে বড় জয় পেয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।রোববার ভোরে প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচে নিউইয়র্ক রেড বুলসকে ৩-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া।
দলের দ্বিতীয় গোলটি করেন ১৬ বছর বয়সী কাভান। ফিলাডেলফিয়ার হয়ে অন্য দুটি গোল করেন মিলান ইলোস্কি ও নিল পিয়েরে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে কাভানের গোলটি। মাঝমাঠ থেকে ডান প্রান্তে লম্বা করে বল বাড়িয়ে দেন ড্যান জিন জ্যাকস।
ডি-বক্সের বাইরে কিছুটা লাফিয়ে ডান পায়ে বলের নিয়ন্ত্রণ নেন কাভান। এরপর বল নিয়ে ঢুকে পড়েন বক্সের ভেতরে।
সেখানে দুর্দান্ত ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে সুবিধাজনক জায়গা তৈরি করে নেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার। এরপর বাম পায়ে জোরালো শট নেন তিনি। ডান দিকে ঝাঁপিয়েও কাভানের শট ঠেকাতে পারেননি রেড বুলসের গোলরক্ষক।
চলতি এমএলএস মৌসুমে এটি কাভানের তৃতীয় গোল। এর সঙ্গে তার অ্যাসিস্টও আছে তিনটি।
কাভানের গোলের আগে ম্যাচের ২১ মিনিটে ফিলাডেলফিয়াকে এগিয়ে দেন ইলোস্কি। ৬৫ মিনিটে পিয়েরে তৃতীয় গোল করলে জয়ের পথে আরও এগিয়ে যায় সফরকারীরা। ৭৪ মিনিটে একটি গোল শোধ করেন চুপো-মোটিং। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ফিলাডেলফিয়া। এই জয়ে ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১২ নম্বরে অবস্থান করছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।

আরও খবর

Sponsered content