প্রতিনিধি ৪ জুলাই ২০২৬ , ১:৪৪:০৬ প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে। অস্বাভাবিক গরমে কোথাও উত্তপ্ত সড়কে গলে যাচ্ছে মানুষের জুতার তলা, আবার কোথাও নিরাপত্তার কারণে বাতিল বা স্থগিত করা হচ্ছে স্বাধীনতা দিবসের শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির আয়োজন। আবহাওয়াবিদদের সতর্কবার্তা, চলমান এই তাপপ্রবাহ জনজীবনের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ও জাতীয় উৎসবের উদ্যাপনেও বড় ধরনের প্রভাব ফেলছে।
সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন শহরে নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় প্রশাসন বেশ কয়েকটি আয়োজন স্থগিত করেছে। এর মধ্যে ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ অন্যতম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মেলা শুক্রবার বিকেলে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সে সময় তাপমাত্রা ছিল ১০১ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস)।
এ ছাড়া ওয়াশিংটনের স্বাধীনতা দিবসের ঐতিহ্যবাহী শোভাযাত্রাও বাতিল করা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, চরম আবহাওয়া ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, ‘হিট ডোম’ নামে পরিচিত একটি শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে চলতি সপ্তাহের শুরু থেকে মিডওয়েস্ট হয়ে পূর্বাঞ্চলে তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে। এ ধরনের পরিস্থিতিতে উত্তপ্ত বায়ু একটি অঞ্চলের ওপর দীর্ঘ সময় আটকে থাকে, ফলে তাপমাত্রা ও আর্দ্রতা দুটিই অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
তীব্র গরমের প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাতেও। যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদ্যুৎ গ্রিড অপারেটর পিজেএম বিদ্যুৎ ব্যবহার কমাতে জরুরি সাশ্রয় কর্মসূচিতে নিবন্ধিত গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে। অতিরিক্ত চাহিদা, বিদ্যুৎকেন্দ্রের ওপর চাপ এবং সঞ্চালন লাইনে সমস্যার আশঙ্কা থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ওয়াশিংটন ডিসিসহ কয়েকটি অঙ্গরাজ্যের প্রায় ৬ কোটি ৭০ লাখ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে।
নিউইয়র্কেও গরমের কারণে বিদ্যুৎ সরবরাহে চাপ তৈরি হয়েছে। বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান কন এডিসন জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন। একই সঙ্গে নিউইয়র্ক সিটি ও ওয়েস্টচেস্টার এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বিদ্যুৎ ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।
ম্যানহাটনে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে উত্তপ্ত সড়কে হাঁটার সময় অনেকের জুতার তলা নরম হয়ে যাওয়ার ঘটনাও দেখা গেছে।
এদিকে তাপপ্রবাহের সতর্কতা সত্ত্বেও নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ভিড় করেন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির ভক্তরা। বহুল আলোচিত তাদের বিয়ের অনুষ্ঠানে আগত তারকাদের একনজর দেখতেই প্রচণ্ড গরম উপেক্ষা করে সেখানে অবস্থান নেন অনেকে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার দেশটির ১৮ কোটি ৫০ লাখের বেশি মানুষ তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতার আওতায় ছিলেন। কয়েকটি অঞ্চলে অনুভূত তাপমাত্রা ১১৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি শহরে নতুন তাপমাত্রার রেকর্ড গড়ার আশঙ্কাও রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা জনগণকে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা, ছায়াযুক্ত স্থানে অবস্থান করা এবং হিটস্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
তাপপ্রবাহের কারণে ফিলাডেলফিয়ার ঐতিহ্যবাহী ‘স্যালুট টু ইনডিপেনডেন্স প্যারেড’ বাতিল করা হয়েছে। সেখানে বৃহস্পতিবার তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়, যা ১৯০১ সালের পর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের সমান।
এ ছাড়া নিউ জার্সির হ্যাডন টাউনশিপ তাদের স্বাধীনতা দিবসের শোভাযাত্রা বাতিল করেছে। নিউইয়র্কের ওয়াটারটাউন শহরে কনসার্ট ও আতশবাজির আয়োজন স্থগিত করা হয়েছে। অন্যদিকে বোস্টনে নদীর তীরে অনুষ্ঠিত বার্ষিক আতশবাজি উৎসবের প্রবেশ সময় চার ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টা নির্ধারণ করা হয়েছে।





















