অপরাধ

বিজয়নগরে পৃথক অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

  শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর): ৩১ আগস্ট ২০২৬ , ৭:৫৬:৪৯ প্রিন্ট সংস্করণ


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক মাদকবিরোধী অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ১১০ কেজি গাঁজাসহ নৈদার চান দাশ (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগর থানার এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় নৈদার চান দাশের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নৈদার চান দাশকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নৈদার চান দাশ কাশিনগর এলাকার মৃত নীল কান্ত দাশ ও মৃত কাদু বালা দাশের ছেলে।

এর কয়েক ঘণ্টা পর সোমবার (৩১ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় দ্বিতীয় অভিযান চালায় পুলিশ। এসআই বাপন চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিজয়নগর-আউলিয়া বাজারগামী পাকা সড়কের পাশে শান্তামুড়া গ্রামগামী কাঁচা রাস্তার মাথা থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, পৃথক দুই ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। প্রথম ঘটনায় থানার এফআইআর নং-৫০ ও জিআর নং-৩৪১ এবং দ্বিতীয় ঘটনায় এফআইআর নং-৫১ ও জিআর নং-৩৪২। দুটি মামলাই ৩১ আগস্ট দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও খবর

Sponsered content