অপরাধ

মাধবপুরে বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও পিকআপ জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ৮:২৩:২৪ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও একটি ডিআই পিকআপ ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল ভোর থেকেই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সকাল ৯টার দিকে সন্দেহভাজন একটি ডিআই পিকআপকে থামানোর সংকেত দেওয়া হলে সেটি থামে। পরে তল্লাশিতে গোখাদ্যের বস্তার ভেতরে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, চালক ও মালিক পলাতক থাকায় জিরা ও যানবাহন মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়। জব্দকৃত পণ্য ও পিকআপের আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ ২০ হাজার টাকা।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “জব্দ করা জিরা ও পিকআপ আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

বিজিবির নিয়মিত অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও খবর

Sponsered content