অপরাধ

বাঘারপাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় রক্তাক্ত ১১ মাসের শিশু

  সাঈদ ইবনে হানিফ, যশোর: ২১ জুন ২০২৬ , ৫:২৯:৪৯ প্রিন্ট সংস্করণ

যশোরের বাঘারপাড়া উপজেলার বড় কুল্লা গ্রামে পূর্ব বিরোধের জেরে সংঘটিত হামলার ঘটনায় সাহাবীর হোসেন (১১ মাস) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। শনিবার (২১ জুন) উপজেলার বড় কুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাহাবীর হোসেন ওই গ্রামের আসাদুল ইসলামের ছেলে। বর্তমানে সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্র ও শিশুটির পরিবার জানায়, প্রতিবেশী ইসমাইল ও তার স্ত্রী রেক্সোনার সঙ্গে আসাদুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ চলছিল। সম্প্রতি একটি মাদক সংক্রান্ত ঘটনায় রেক্সোনাকে পুলিশ আটক করলে অভিযুক্তরা ওই ঘটনার জন্য আসাদুল ইসলামকে দায়ী করে তার প্রতি ক্ষোভ প্রকাশ করে এবং বিভিন্ন সময় হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, শনিবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে ইসমাইল ও রেক্সোনা আসাদুল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আসাদুল ইসলামের কোলে থাকা শিশু সাহাবীর হোসেনের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত লাগে এবং সে গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের লক্ষ্য ছিল শিশুটির বাবা। তবে হামলার সময় শিশুটি কোলে থাকায় সে আঘাতপ্রাপ্ত হয়।

আহত শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content