প্রতিনিধি ৭ আগস্ট ২০২৫ , ৩:০৫:৫৪ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নকে আসন পুনর্বিন্যাসের খসড়া প্রস্তাবনায় বাদ দেওয়ার প্রতিবাদে দুই ইউনিয়নের হাজারো জনতা বিক্ষোভ মিছিল, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় ও সদর উপজেলার অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে সোনাপুর–কবিরহাট সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ।
সড়কে অবস্থান নিয়ে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্লোগানে অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নকে আগের নোয়াখালী-৪ আসনের অন্তর্ভুক্ত রাখার দাবি জানান।
পরে নেয়াজপুর ইউনিয়নের বাসিন্দারা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন। খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশের একটি দল অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা।
সমাবেশে বক্তব্য রাখেন—
ইসহাক খন্দকার, জেলা জামায়াতের আমির
সলিম উল্যাহ বাহার হিরণ, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক
ভিপি জসিম, সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
আব্দুল মোতালেব আপেল, জেলা বিএনপির সদস্য
কামাল উদ্দিন বাবুল, নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি
জাকির হোসেন আলো, সাবেক সাধারণ সম্পাদক
ইয়াছিন আরাফাত, জেলা জাস্টিস ফর জুলাইয়ের সাধারণ সম্পাদক
গোলাম মোস্তফা সেলিম, অশ্বদিয়া নাগরিক ফোরামের আহ্বায়ক
হাসান মাহমুদ তানসেন, অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি
মোজাম্মেল হোসেন সায়েম, সাবেক সাধারণ সম্পাদক
সাজ্জাদ হোসেন রিয়েল, অশ্বদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি
সাইফুল ইসলাম, নোয়াখালী শহর জামায়াত নেতা
বক্তারা বলেন, “নির্বাচন কমিশন প্রশাসনিক পুনর্বিন্যাসে ‘অখণ্ড প্রশাসনিক ইউনিট’ বজায় রাখার কথা বললেও বাস্তবে তার ব্যত্যয় ঘটানো হয়েছে। জেলা সদরের অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নকে বাদ দেওয়ার প্রস্তাব জনবিচ্ছিন্ন ও অযৌক্তিক।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই প্রস্তাব বাতিল না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে।”
স্থানীয়দের দাবি, দুই ইউনিয়ন বহুদিন ধরে নোয়াখালী-৪ আসনের অংশ হিসেবে রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন সেগুলো বাদ দেওয়া হলে জনঅসন্তোষ বাড়বে এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে।
অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নকে আগের নোয়াখালী-৪ আসনে বহাল রাখা
অখণ্ড প্রশাসনিক ইউনিট রক্ষা করে আসন পুনর্বিন্যাস বাস্তবায়ন
জনমতের ভিত্তিতে চূড়ান্ত প্রস্তাবনা প্রণয়ন
সংশ্লিষ্ট মহলের প্রতি অনতিবিলম্বে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।



















