সারাদেশ

মান্দায় বাংলা কিউআর ও পিওএস মেশিন বিতরণ

  নওগাঁ প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ , ৪:৪৫:২০ প্রিন্ট সংস্করণ

ক্যাশলেস বাংলাদেশ, এক দেশ এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড ও পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলার প্রসাদপুর বাজারে পূবালী ব্যাংক পিএলসির প্রসাদপুর উপশাখার উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির প্রসাদপুর উপশাখার ব্যবস্থাপক মো. ইদ্রিস আলী। তিনি বলেন, ডিজিটাল লেনদেন সহজ, নিরাপদ ও দ্রুত করতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যবসায়ীরা এ সেবা নিলে নগদ টাকা বহনের ঝুঁকি কমবে এবং নির্বিঘ্নে লেনদেন করা যাবে।

ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার মহিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন; তিনি ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির বগুড়া আঞ্চলিক কার্যালয়ের জোনাল ইনচার্জ (অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল) মো. দুলাল বারী ও দেলুয়াবাড়ি শাখার ব্যবস্থাপক মো. নূরুল আলম। ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন প্রসাদপুর বাজার বণিক সমিতির সভাপতি আকতারুজ্জামান আল মনসুর।

সভায় উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলা কিউআর ব্যবহারে সার্ভিস চার্জ মওকুফের দাবি জানান। বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটলে ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, নিরাপত্তা ও গতি বাড়বে।

অনুষ্ঠান শেষে ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড ও পিওএস মেশিন বিতরণ করা হয়। পরে প্রসাদপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী ব্যাংকের প্রসাদপুর উপশাখার সামনে গিয়ে একটি র‌্যালি শেষ হয়।

আরও খবর

Sponsered content