চাকরি

চারঘাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

  রাজশাহী প্রতিনিধি ॥ ১৮ আগস্ট ২০২৫ , ১২:৫৮:৫৯ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী এলাকার জোতকার্তিক বি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে বোর্ড ছাড়াই চারটি পদে নিয়োগ দেয়ার পাশাপাশি এমপিওভুক্তির আবেদন করেছেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. মকবুল হোসেন।

অভিযোগে মকবুল হোসেন উল্লেখ করেন, প্রধান শিক্ষক জাকির হোসেন আইসিটি ল্যাব সহকারী পদে তার ছেলের বৌকে নিয়োগ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে বিভিন্ন সময়ে মোট ৯ লাখ টাকা নেন। কিন্তু প্রতিশ্রুতিপূরণ না করে বেশি টাকার বিনিময়ে অন্যজনকে নিয়োগ দেন। পরে তিনি জানতে পারেন, আরও চারটি পদে নিয়োগ বাণিজ্য করে ব্যাকডেটে অবৈধভাবে নিয়োগ দেয়া হয়েছে।

এ বিষয়ে মকবুল হোসেন সাংবাদিকদের বলেন,“আমার ছেলের বৌকে চাকরি দেয়ার কথা বলে জাকির হোসেন ৯ লাখ টাকা নিয়েছে। পরে তাকে চাকরি না দিয়ে টাকার বিনিময়ে অন্যজনকে নিয়োগ দিয়েছে। তাই এমপিও আবেদন বাতিলের দাবি জানিয়ে আমি শিক্ষা অধিদপ্তরে অভিযোগ করেছি।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, জাকির হোসেন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ঘনিষ্ঠ ছিলেন। ওই পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি চালিয়ে যাচ্ছেন।

অভিযোগ বিষয়ে প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহা. আবদুর রশিদ জানান, অভিযোগের বিষয়ে তিনি অবগত হয়েছেন। একজন জেলা শিক্ষা কর্মকর্তাকে দিয়ে তদন্তের নির্দেশ দেয়া হবে।
তিনি বলেন, “টাকা লেনদেনের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।”

আরও খবর

Sponsered content