প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৬ , ২:৩৮:৪০ প্রিন্ট সংস্করণ
হাতে জীবনবৃত্তান্ত (সিভি) আর চোখে নতুন কর্মজীবনের স্বপ্ন—এমনই প্রাণবন্ত আমেজে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’। দীর্ঘ ২৪ বছর পর বিশ্ববিদ্যালয়টিতে বড় পরিসরে আয়োজিত এই মেলায় শিক্ষার্থীদের জন্য দেশের শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি প্রতিষ্ঠানে মিলছে এক হাজারের বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ।
শনিবার (৩ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যারিয়ার এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজ এবং উপাচার্য প্রফেসর ড. শরিফ নাফে আস-সাবের।
বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (CCPC) উদ্যোগে এবং জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস, জেসিআই ঢাকা হেরিটেজ ও জেসিআই ঢাকা ইম্প্যাক্টের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
সকাল থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে সারিবদ্ধভাবে ক্যারিয়ার বিষয়ক তথ্য সংগ্রহ এবং সরাসরি সিভি জমা দিতে ভিড় জমান। করপোরেট ও বিভিন্ন বাণিজ্যিক খাতের মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে কর্মক্ষেত্রের প্রকৃত চাহিদা ও ক্যারিয়ার ভাবনার স্পষ্ট দিকনির্দেশনা পান প্রার্থীরা।
ক্যারিয়ার এক্সপোতে সুযোগ-সুবিধার পাশাপাশি পেশাগত দক্ষতা বাড়াতে একাধিক দিকনির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত হয়। ‘ক্যারিয়ার ইন ব্যাংকিং’ বিষয়ে ব্যাংকিং খাতের পেশাদার শাহরিয়ার ইমরান, ‘উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ে তাশদিক হাবিব, ‘ক্যারিয়ার ইন আইটি’ সেশনে জাফির শাফি চৌধুরী এবং ‘নেতৃত্বের দক্ষতা’ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মো. আলতামিস নাবিল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজকেরা জানান, এ আয়োজন শুধু চাকরির আবেদন বা সিভি জমা দেওয়ার মঞ্চ নয়; বরং অ্যাকাডেমিক শিক্ষার সঙ্গে শিল্প ও করপোরেট জগতের নিবিড় মেলবন্ধন তৈরির এক বলিষ্ঠ পদক্ষেপ। বিকেল ৫টায় এক জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ মেলা সমাপ্ত হয়।















