প্রচ্ছদ

গেরিলা প্রশিক্ষণকাণ্ডে মেজর সাদিকুলের স্ত্রী গ্রেপ্তার : ডিবি হেফাজতে সুমাইয়া জাফরিন

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২৫ , ৩:৩৪:১৬ প্রিন্ট সংস্করণ

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গোপন গেরিলা প্রশিক্ষণ আয়োজনের ঘটনায় সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৬ আগস্ট) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি জানায়, ৮ জুলাই গোপনে কনভেনশন সেন্টারটি ভাড়া নিয়ে সারা দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ৪০০ জন ক্যাডারকে গেরিলা কৌশলে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসনের পথ সুগম করতে একটি নিয়ন্ত্রিত নৈরাজ্য সৃষ্টি করা’।

এই গোপন প্রশিক্ষণ আয়োজনের মূল পরিকল্পনায় ছিলেন মেজর সাদিকুল হক। তার স্ত্রী সুমাইয়া জাফরিন পুরো আয়োজনের আর্থিক ও লজিস্টিক সহায়তায় যুক্ত ছিলেন বলে গোয়েন্দা সংস্থার দাবি।

সুমাইয়াকে প্রথমে পুলিশের সহকারী সুপার (এএসপি) পরিচয়ে চিহ্নিত করা হলেও পুলিশ সদর দপ্তর জানায়, এই নামে পুলিশের কোনো নারী কর্মকর্তা নেই। তার এই মিথ্যা পরিচয় তদন্তের আওতায় আসছে বলেও জানায় ডিবি।

এর আগে এই ঘটনায় জড়িত অভিযোগে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা, বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা ও মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে ১২ জুলাই গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরবর্তীতে আরও কয়েকজনকে আটক করে ডিবি। তাদের জিজ্ঞাসাবাদেই উঠে আসে মেজর সাদিকুল ও তার স্ত্রীর নাম।

ঘটনার জটিলতা বিবেচনায় সেনাবাহিনী মেজর সাদিকুল হককে নিজ হেফাজতে নেয় এবং একটি তদন্ত আদালত গঠন করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে। তদন্ত শেষে তথ্য-প্রমাণ অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মনে করছেন, গেরিলা প্রশিক্ষণের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল স্পষ্ট, যা ভবিষ্যতে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারত।

আরও খবর

Sponsered content