সারাদেশ

যাত্রাবাড়ীতে যুবলীগ নেতা তপুর বাড়িতে সশস্ত্র হামলা, প্রাণনাশের হুমকিতে আত্মগোপনে

  নিজস্ব প্রতিবেদক: ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ১২:৫৭:২১ প্রিন্ট সংস্করণ


রাজধানীর যাত্রাবাড়ী থানার ৬২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান তপুর বাসভবনে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি ও তার পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে গত ১২ সেপ্টেম্বর ২০২৪, সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ করে তপুর বাসায় প্রবেশ করে তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত তপু বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তবে সম্প্রতি একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকেই তিনি হুমকির মুখে ছিলেন।

চক্রটি শিশুদের বিকলাঙ্গ করার মতন অপরাধে যুক্ত থাকায় তৎকালীন সংসদ  সদস্য ফজলে নুর তাপসের কাছে আইনি পদক্ষেপ নেয়ার জন্য তপু মুখ্য ভুমিকা পালন করেন এবং চক্রটিকে গ্রেফতার করান।

অভিযোগ রয়েছে, হামলার পেছনে ওই চক্রের হাত রয়েছে, যারা পূর্বে নানা গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিল। সংশ্লিষ্ট বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে তপুর ঘনিষ্ঠজনরা জানান, বর্তমানে নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে তিনি আত্মগোপনে রয়েছেন। এখনও তার ওপর প্রাণনাশের হুমকি অব্যাহত রয়েছে বলেও তারা দাবি করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও তপুর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content