প্রতিনিধি ২ নভেম্বর ২০২৬ , ২:২৯:১৯ প্রিন্ট সংস্করণ
টিভি নাটকের জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও সাফা কবির। হঠাৎ এই দুই অভিনয়শিল্পীকে পাওয়া গেল গায়ে হলুদের সাজে। তাদের পরনে হলুদের পোশাক, চারপাশে উৎসবের আমেজ, সঙ্গে হাসি-আনন্দে মেতে থাকা বন্ধুদের উপস্থিতি। এমনটা দেখে অনেকেই ভাবছেন- তবে কি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই দুই তারকা! নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভিডিওতে দেখা যায়, একটি রিসোর্টে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। সাফা কবিরের পরনে হলুদের ওপর বিভিন্ন রঙের নকশা করা লেহেঙ্গা। অন্যদিকে তৌসিফ মাহবুবকে দেখা গেছে হলুদ পাঞ্জাবি ও কুর্তিতে। তাদের ঘিরে রয়েছেন আরও কয়েকজন তরুণ-তরুণী। পুরো আয়োজন দেখে মনে হচ্ছে, যেন সত্যিকারের গায়ে হলুদের অনুষ্ঠান।
তবে বাস্তবে বিয়ের কোনো আয়োজন নয় এটি। জানা গেছে, একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের অংশ হিসেবে এমন সাজে হাজির হয়েছেন তৌসিফ ও সাফা। প্রতিষ্ঠানটি বিয়ের বিভিন্ন আয়োজনের পোশাক ডিজাইন ও বিক্রি করে। সেই প্রতিষ্ঠানের প্রচারণার জন্যই গায়ে হলুদের আবহে তৈরি করা হয়েছে ভিডিওটি।
বিজ্ঞাপনচিত্রটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। দু’দিনের মধ্যে ভিডিওটির ভিউ প্রায় সাড়ে চার লাখ ছাড়িয়েছে। অনেকে তৌসিফ ও সাফার রসায়নের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ প্রথমে এটিকে কোনো নাটকের দৃশ্য বলেও মনে করেছেন।
বলা দরকার, তৌসিফ মাহবুব ও সাফা কবিরের বন্ধুত্ব বেশ পুরোনো। শোবিজে প্রায় একই সময়ে তাদের পথচলা শুরু। কিছুদিন আগেও বন্ধুদের সঙ্গে সিলেট ভ্রমণে গিয়েছিলেন তারা।



