আন্তর্জাতিক

ইউক্রেন ও রাশিয়ার জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলার অভিযোগ

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৬ , ১:৪০:২০ প্রিন্ট সংস্করণ

ইউক্রেন ও রাশিয়ার জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে দুই দেশের ব্যবহারকারীদের কাছে পারমাণবিক, তেজস্ক্রিয়তা ও রাসায়নিক হামলাসহ বিভিন্ন বিপদের ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রথমে ইউক্রেনের রাজধানী কিয়েভে তেজস্ক্রিয়তার হুমকি জানিয়ে সতর্কবার্তা পাঠানো হয়। পরে রাসায়নিক হামলা ও রাস্তায় সংঘর্ষের আশঙ্কার কথাও জানানো হয়। ইউক্রেনের বিমানবাহিনী দ্রুত জানায়, এসব বার্তা ভুয়া এবং কিয়েভে কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই। দেশটির গোয়েন্দা সংস্থাও অ্যাপটিতে ত্রুটির কথা জানিয়ে সতর্কতার তথ্য যাচাই করতে বিকল্প উৎস ব্যবহারের পরামর্শ দেয়।

ইউক্রেনের কৌশলগত যোগাযোগবিষয়ক কেন্দ্র এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে। তবে কয়েক ঘণ্টা পর রাশিয়াও জানায়, তাদের জরুরি সতর্কতা অ্যাপ ব্যাপক সাইবার হামলার শিকার হয়েছে। সেখানে ব্যবহারকারীদের কাছে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে পারমাণবিক হামলার ভুয়া বার্তা পাঠানো হয়। হামলার পেছনে কারা রয়েছে, তা মস্কো তাৎক্ষণিকভাবে জানায়নি।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাপে সমস্যা হলেও দেশের সামগ্রিক জনসতর্কতা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। সাইরেন, লাউডস্পিকার, খুদে বার্তা এবং টেলিভিশন ও রেডিওর মাধ্যমে নাগরিকদের সতর্ক করা হচ্ছে। অ্যাপটি পুনরায় সচল করতে বিশেষজ্ঞরা কাজ করছেন বলেও জানানো হয়েছে।

এদিকে, ইউক্রেনের ওলেশকি শহরে ছয় দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক মিনিট আগেই ভুয়া সতর্কবার্তাগুলো পাঠানো হয়। রাশিয়ার দখলে থাকা শহরটি থেকে এই যুদ্ধবিরতির সময় কয়েক শ মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও পোপ চতুর্দশ লিওর সহায়তায় এ মানবিক উদ্যোগের সমন্বয় হয়েছিল।

তবে যুদ্ধবিরতির সময় উভয় পক্ষই সামরিক শক্তি বাড়ানোর অভিযোগ তুলেছে। ওলেশকিতে আবারও লড়াই শুরু হওয়ার আশঙ্কা থাকলেও মানবিক উদ্যোগকে ভবিষ্যতে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতির সম্ভাবনা হিসেবে দেখছেন ইউক্রেনের কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content