নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১১ আগস্ট ২০২৫ , ১২:৫৯:৩২ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভারত থেকে অবৈধভাবে মালামাল নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় প্রবাল বনিক (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর বিওপি’র একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী দেবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আটক প্রবাল বনিক হবিগঞ্জ পৌরসভার বগলাবাজার এলাকার মৃত হরিদাস বনিকের পুত্র। তার কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় ২৪০০ রুপি, ১টি কষ্টিপাথর, বিভিন্ন রঙের আংটির পাথর ১৪৫ পিস এবং ১টি ওয়েট মেশিন ছোট। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য পাঁচ লাখ ৬৬ হাজার ৬০ টাকা।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দালাল মো: মোক্তার মিয়া (৩৫), যিনি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের ইদু মিয়ার পুত্র, পালিয়ে যায়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।














