প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৬:৪০:১১ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগর আমির মাওলানা এ টি এম আজম খান। একই সঙ্গে তিনি আখতার হোসেনের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগর আমীর মাওলানা এটিএম আজম খান।
এ টি এম আজম খান বলেন, ‘কেন্দ্রীয় সংগঠন ও জোটের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের দলের সর্বাত্মক সমর্থন থাকবে জোটসঙ্গী এনসিপির প্রার্থী আখতার হোসেনের প্রতি।’
দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এ টি এম আজম খান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং রংপুর মহানগরীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় মাদরাসার উপাধ্যক্ষ এই নেতা দলীয় সাংগঠনিক শক্তি ও তৃণমূল জনপ্রিয়তার জন্য সুপরিচিত। তার প্রার্থিতা প্রত্যাহার এবং আখতার হোসেনকে সমর্থনের সিদ্ধান্ত রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নির্বাচনী মাঠে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
উল্লেখ্য, রংপুর-৪ আসনটি ঐতিহ্যগতভাবে বড় রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু। স্বাধীনতার পর থেকে এ আসনে আওয়ামী লীগ ছয়বার, জাতীয় পার্টি চারবার এবং বিএনপি একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তবে এবারের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের সাংগঠনিক সমর্থন পাওয়ায় আখতার হোসেনের অবস্থান আরও সুসংহত হয়েছে। অভিজ্ঞ সংগঠক এ টি এম আজম খানের শক্তিশালী নেটওয়ার্ক ও জুলাই আন্দোলনের তরুণ মুখ আখতার হোসেনের নেতৃত্ব—এই দুইয়ের সমন্বয়ে রংপুর-৪ আসনে নতুন রাজনৈতিক ইতিহাস রচিত হয় কি না, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে স্থানীয় জনগণ ও ভোটাররা।














