রাজনীতি

শরীয়তপুরে ১০ দলীয় জোটের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  মোঃ সাইফুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি: ২০ জানুয়ারি ২০২৬ , ১২:৪১:৩৯ প্রিন্ট সংস্করণ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে এবং বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. দবির হোসেন শেখের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শরীয়তপুর-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা খলিলুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাব্বির আহমদ উসমানী, খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস তালুকদার, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মজিবুর রহমান, এনসিপির রুহুল আমিন ও সবুজ তালুকদার এবং ফরায়েজী আন্দোলনের আব্দুর রহমান ফরায়েজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ১০ দলীয় জোটের নেতাকর্মীদের নিয়ে একটি জেলা সমন্বয় কমিটি গঠন এবং আসনভিত্তিক কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শরীয়তপুরের তিনটি আসনে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও খবর

Sponsered content