সারাদেশ

সাতক্ষীরায় ডা. এম আর খান শিশু হাসপাতালে নিয়োগ নিয়ে বিতর্ক

  শেখ জোবায়ের আল জামান, নিজস্ব প্রতিনিধি ১৭ মার্চ ২০২৬ , ৬:২৯:৩৭ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার ডা. এম আর খান শিশু হাসপাতালে ৬টি পদে নিয়োগ নিয়ে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত নিয়োগ তালিকা ঘিরে এ বিতর্কের সৃষ্টি হয়।

সোমবার (১৬ মার্চ) প্রকাশিত তালিকা বিশ্লেষণে দেখা যায়, প্রথম ও তৃতীয় দফার নিয়োগে চূড়ান্ত তালিকায় থাকা ৬ জনের সবাই একই ব্যক্তি। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় দফার নিয়োগেও অধিকাংশ প্রার্থী একই থাকায় পুরো নিয়োগ প্রক্রিয়াকে “সাজানো” বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ নিয়ে বিতর্ক তীব্র হয়। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট এক প্রার্থীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে না পারায় পূর্বের একটি নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় নিয়োগ বোর্ড গঠন করা হয়।

গত ১৪ মার্চ অনুষ্ঠিত তৃতীয় নিয়োগ বোর্ডে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পদে প্রার্থীদের চূড়ান্ত করা হয়। এর মধ্যে স্টাফ নার্স, প্যাথলজি টেকনোলজিস্ট, ডাক্তার সহকারী (পুরুষ ও মহিলা) এবং নাইট গার্ড পদে প্রার্থী নির্বাচন করা হয়।

এর আগে ৮ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় নিয়োগ বোর্ডেও একই ধরনের প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রথম নিয়োগ প্রক্রিয়াতেও প্রায় একই ব্যক্তিদের নির্বাচন করা হয়।

অভিযোগ রয়েছে, নিয়োগ পরীক্ষার আগেই নির্দিষ্ট কয়েকজনকে নির্বাচন করে রাখা হয়েছিল। এমনকি শিশু হাসপাতালের এক কর্মকর্তার আত্মীয়সহ কয়েকজনকে নিয়োগ দেওয়ার অভিযোগও উঠেছে। তাদের কাছ থেকে প্রতিষ্ঠান উন্নয়নের নামে ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে, যদিও এসব অর্থের কোনো আনুষ্ঠানিক নথি পাওয়া যায়নি।

জানা গেছে, গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে সংশ্লিষ্টরা যোগদান করেন এবং জানুয়ারি মাসের বেতন-ভাতাও গ্রহণ করেন। তবে ফেব্রুয়ারি মাসের বেতন অনুমোদনের জন্য রেজুলেশন জেলা প্রশাসকের কাছে পাঠানো হলে তিনি এতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান এবং বিধি অনুযায়ী পুনরায় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দেন।

পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশনায় নতুন করে নিয়োগ বোর্ড গঠন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের নেতৃত্বে গঠিত এ বোর্ডে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত পারভেজ, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. জয়ন্ত কুমার সরকার, হাসপাতালের প্রতিনিধি ডা. অসিত কুমার স্বর্ণকার, ডা. আরমান বাসার ও সচিব এম. জামান খান।

এ বিষয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান বলেন, “জেলা প্রশাসকের নির্দেশনায় পুনরায় লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মেধার ভিত্তিতেই প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে।”

তবে স্থানীয়দের দাবি, পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে সৃষ্ট বিতর্ক নিরসনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

আরও খবর

Sponsered content