প্রতিনিধি ২ নভেম্বর ২০২৬ , ২:৪৭:৪২ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩০০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন মাত্র ৫৩ জন। অকৃতকার্য হয়েছেন ২৪৭ জন। পাসের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ। কলেজটির এমন ফলাফলের প্রতিবাদে অধ্যক্ষসহ শিক্ষকদের ফুলের তোড়া দিয়েছেন উপজেলা ছাত্রদলের নেতারা। তাদের এই ব্যতিক্রমী প্রতিবাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল রোববার কলেজের কার্যালয়ে গিয়ে অধ্যক্ষ নাজমা বেগমসহ শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা ছাত্রদলের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ কলেজ ছাত্রদলের নেতারা।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী জানান, এমন বিপর্যয়কর ফলাফলের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। এর প্রতিবাদে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অধ্যক্ষ ও শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ফুল আমাদের প্রতিবাদের ভাষা। শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে ভালো ফলাফল করতে পারে, সে বিষয়ে ছাত্রদলের সর্বাত্মক সহযোগিতা থাকবে।
এ বিষয়ে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমা বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।





















