প্রতিনিধি ২ নভেম্বর ২০২৬ , ২:২৭:০৪ প্রিন্ট সংস্করণ
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় পাকিস্তান দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। গত শনিবার লাহোরে অনুষ্ঠিত ফাইনালে এই শাস্তি পায় স্বাগতিকেরা।
নির্ধারিত সময়ের ছাড় হিসাব করার পরও পাকিস্তান এক ওভার পিছিয়ে ছিল বলে জানানো হয়েছে। আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।
ধীরগতির বোলিংয়ের দায় স্বীকার করেছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি। প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন তিনি। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ফাইনালে ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল পাকিস্তান। ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে এটি যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এই জয়ের মধ্য দিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপাও নিশ্চিত করে স্বাগতিকেরা।















