সারাদেশ

কোচিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একমাত্র কন্যার

  হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ১৩ জুন ২০২৬ , ১:৪৩:৩৫ প্রিন্ট সংস্করণ

প্রতিদিনের মতো শনিবার সকালেও বই-খাতা হাতে কোচিংয়ে গিয়েছিল শিবা রাণী (১৫)। পরিবারের একমাত্র সন্তান হিসেবে তাকে ঘিরেই ছিল বাবা-মায়ের সব স্বপ্ন। পড়ালেখা করে একদিন বড় হবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে—এমনই আশা ছিল তাদের। কিন্তু কোচিং শেষে আর নিজের পায়ে বাড়ি ফেরা হলো না শিবার। ফিরল নিথর দেহ হয়ে।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের বন্দর এলাকার কুয়েত মসজিদ সংলগ্ন পাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিবা রাণী ওই এলাকার গোবিলাল ও সুমি রানীর একমাত্র মেয়ে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কোচিং শেষে বাড়ি ফেরার পথে উপজেলার ওমরাডাঙ্গী সড়কের কুয়েত মসজিদ ও স্থানীয় জামায়াত অফিস সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির সেলোমেশিনচালিত ট্রাকের নিচে চাপা পড়ে শিবা। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকটির গতি ছিল অত্যন্ত বেশি। সংঘর্ষের তীব্রতায় শিবা রাস্তার পাশে ছিটকে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক যানটি আটকের চেষ্টা করেন। চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে রাখে। পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক চালকের নাম বাবলু হোসেন। তিনি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে।

একমাত্র মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন শিবার বাবা-মা। মেয়ের নিথর দেহ জড়িয়ে ধরে মায়ের আহাজারি উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। তিনি বারবার বলছিলেন, “সকালে হাসিমুখে কোচিংয়ে গেল, আমার মেয়েটা এভাবে ফিরে আসবে কখনো ভাবিনি।”

স্বজনদের কান্না আর শোকে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়রা এ ঘটনাকে কেন্দ্র করে সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content