খেলাধুলা

বড়দের মতো ছোটদেরও একই রোগ, যুব এশিয়া কাপে যেভাবে বাংলাদেশের ভরাডুবি

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৬ , ৩:০৮:২৬ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ক্রিকেটে ব্যাটারদের নড়বড়ে ব্যাটিং নিয়ে সমালোচনাটা দীর্ঘদিনের। জাতীয় দলের ব্যাটিংয়ে যে রোগ বহুদিনের, যুব দলেও তার ছাপ স্পষ্ট দেখা গেল।

চলমান অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ খেলতে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ যুবা দল। দেশ ছাড়ার আগে কোচ-ম্যানেজমেন্টের ভাবনাতেও ছিল চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা। তবে প্রত্যাশার সেই বেলুন যেন মাঝপথেই চুপসে গেছে। গ্রুপ পর্বের বাধা টপকে সেমিফাইনাল নিশ্চিত করতে পারলেও আর বেশিদূর এগোতে পারেনি ফরিদ হাসান ফয়সালের নেতৃত্বাধীন দলটি।

গতকাল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সেমিফাইনালে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেছে হান্নান সরকারের দল। টুর্নামেন্টজুড়েই দলের ব্যাটাররা নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আহসান আল মুমিন ছাড়া আর কেউই ধারাবাহিক ছিলেন না। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সেমিতেও ব্যাটিং ব্যর্থতায় ডুবতে হয়েছে।

শেষ চারের লড়াইয়ে ১৩৮ রানেই অলআউট হয় যুবা টাইগাররা। ব্যাট হাতে ব্যর্থ হন জারিফ সিয়াম, কাউসার আহমেদরা। আল মুহি ছাড়া টপ অর্ডারের কোনো ব্যাটার রান করতে পারেননি। ১০০ রানের আগেই ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় বাংলাদেশ দল।

গেল ম্যাচের সেঞ্চুরিয়ান আহসান মুনিমও এদিন ব্যর্থ ছিলেন। এ ছাড়া অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও ছিলেন ব্যর্থতার জালে বন্দি। এরপর আর কোনো ব্যাটার দায়িত্ব নিয়ে খেলতে পারেননি, কেবল আল রাফির ব্যাট থেকে এসেছে ২০ রান। শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ৩১.৪ ওভারে ১৩৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

টুর্নামেন্টজুড়ে ব্যাটারদে পরিসংখ্যান দেখলে বোঝা যায় আফগানিস্তান, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান কোনো দলের সঙ্গেই স্বাভাবিক ব্যাটিং করতে পারেনি দল। কেবল কাগজে কলমে ছোট দল মালয়েশিয়ার বিপক্ষে সাবলীল ব্যাটিং করতে দেখা যায় বাংলাদেশকে। ৩০৪ রান সংগ্রহ করেছিল দল, তারমধ্যে ১৫২ রান একাই করেন আহসান মুমিন। এদিকে দলের বোলাররা তুলানামূলক ভালো করেছেন। প্রশ্ন জাগতে পারে দল নির্বাচন প্রক্রিয়া নিয়েও।

যদিও বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে সেরা ব্যাটারদের নিয়েই খেলতে গিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রধান কোচ হান্নান সরকার অবশ্য বিচলিত নন। এখনই হতাশ হতে চান না তিনি। হান্নান ঢাকা পোস্টকে বলেন, এটা কেবল শুরু। অনেক লম্বা পথ বাকি আমাদের।

আরও খবর

Sponsered content