কৃষি বার্তা

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার

  নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: ১ নভেম্বর ২০২৫ , ২:৪৫:৪৪ প্রিন্ট সংস্করণ

অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন,

“ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সর্বত্রভাবে এ বিষয়ে প্রস্তুত।”

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় পটুয়াখালীর কুয়াকাটায় কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন,“বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। এই বিষয় নিয়ে চিন্তার কিছু নেই। সরকার এবং নির্বাচন কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই নির্বাচন হবে।”

তিনি আরও বলেন,“এ দেশটি আমাদের, এই দেশে বড় হয়েছি। এই দেশের ভালো-মন্দ আমার আপনার ওপর নির্ভরশীল। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে যদি ভালো নির্বাচন উপহার দেওয়া যায়, তাহলে কোনো জেলার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়ার কারণ নেই।”

কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান,“সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ডসহ কোনো বাহিনীর সমস্যা নেই। এবার আরপিওতে সংশোধন আনা হয়েছে, ফলে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন।”

কর্মশালায় বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।

কর্মশালায় পটুয়াখালীর আট উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content