প্রতিনিধি ৪ জুলাই ২০২৬ , ২:৩২:০০ প্রিন্ট সংস্করণ
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের উপকূলীয় শহর জিওয়ানিতে একটি কোস্টগার্ড ঘাঁটিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেক মানুষ। যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বেলুচিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য বালোচিস্তান পোস্টের খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান সরকার বহু বছর আগেই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
বিএলএর মুখপাত্র জিয়ান্দ বালোচ এক বিবৃতিতে জানান, সংগঠনটির সশস্ত্র শাখা মাজিদ ব্রিগেডের সদস্য আতাউল্লাহ বালোচ, যিনি আজমল বালোচ নামেও পরিচিত, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে বিস্ফোরকবোঝাই একটি মাজদা ট্রাক নিয়ে কোস্টগার্ড ঘাঁটিতে প্রবেশ করেন। এরপর ট্রাকটিতে বিস্ফোরণ ঘটানো হয়।
বিবৃতিতে দাবি করা হয়, বিস্ফোরণটি ছিল অত্যন্ত শক্তিশালী, যার ফলে ঘাঁটির বড় অংশ ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের পর আগে থেকেই আশপাশে অবস্থান নেওয়া বিএলএর ফাতেহ স্কোয়াডের সদস্যরা সেখানে প্রবেশ করে গুলি চালান। সংগঠনটির দাবি, এ কারণেই হতাহতের সংখ্যা আরও বেড়েছে।
এদিকে, বিএলএর গণমাধ্যম শাখা হাক্কাল হামলার ৪৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে বিস্ফোরণের ঠিক আগে বিস্ফোরকবাহী ট্রাকটি কোস্টগার্ড ঘাঁটির ভেতরে ঢুকতে দেখা যায়।
বিএলএ তাদের বিবৃতিতে আরও বলেছে, সম্প্রতি বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তাদের বিরুদ্ধে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এ হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।









