প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৫:১১ প্রিন্ট সংস্করণ
সম্প্রতি ইতিহাসের এক আলোচিত অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি একসময়ে ভারতের বুকে ব্যবসা করতে এসে ২০০ বছরেরও বেশি রাজত্ব করে গেছে, সেই ব্রিটিশ কোম্পানির ব্যবসা এবার চিরতরে বন্ধ হতে চলেছে।
গতকাল শুক্রবার প্রকাশিত ‘ইন্ডিয়া টুডে’র রিপোর্ট বলছে, ব্রিটিশ ঔপনিবেশিকতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই কোম্পানি ২০১০ সাল থেকে লাক্সারি খাবার–দাবার এবং পানীয়ের খুচরা ব্যবসা শুরু করেছিল। সেই কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করে সম্পত্তি বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
তবে, এটাই প্রথম নয়, এর আগেও ১৮৫৭ সালে ভারতে মহাবিদ্রোহের পরে একবার ব্যবসা গুটিয়ে নিয়েছিল এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর ২০১০ সালে সঞ্জীব মেহতা নামের একজন ভারতীয় উদ্যোক্তার মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও পুনরুজ্জীবিত হয়। তার উদ্দেশ্য ছিলো, হোলসেল ভেঞ্চার হিসেবে কোম্পানি ফের শুরু করা। ২০১০–এ মেফেয়ারে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’র নামে ২ হাজার স্কয়্যার ফিটের একটি দোকান খোলেন সঞ্জীব, যেখানে বিভিন্ন অভিজাত ব্র্যান্ডের খাবার ও পানীয় বিক্রি হতো বলে জানা যায়।
প্রসঙ্গত, এই প্রতিষ্ঠানটির সর্বশেষ পরিস্থিতি হলো, প্যারেন্ট কোম্পানি ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রুপ’–এর কাছে এদের বকেয়া ৬ লক্ষ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৭.৫ কোটি টাকা)। এদের করের বোঝা ১ হাজার ৯৩ হাজার ৭৮৯ পাউন্ড এবং কর্মীদের প্রাপ্য বকেয়া ১ লক্ষ ৬৩ হাজার ১০৫ পাউন্ড।
এছাড়া ইস্ট ইন্ডিয়ার নাম–বহনকারী অন্যান্য শাখা কোম্পানিও ইতোমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে।





















