সারাদেশ

গাবতলীর নেপালতলীতে জামায়াত নেতার বাড়িতে আগুন

  বগুড়া প্রতিনিধি: ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৫২:১৩ প্রিন্ট সংস্করণ

বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন আলমের বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে নেপালতলী ইউনিয়নের বুরুজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনভর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে নেপালতলী ইউনিয়নের বুরুজ বাজার–কদমতলী এলাকায় গণসংযোগ ও একটি নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়। এর কয়েক ঘণ্টা পর রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্বৃত্তরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন আলমের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

রাতে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আসবাবপত্র পুড়ে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন আলম বলেন, “মঙ্গলবার দিনভর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে গণসংযোগের পর রাতেই আমার বাড়িতে আগুন দেওয়া হয়।” তবে তিনি কাউকে সরাসরি অভিযুক্ত করেননি।

এদিকে বগুড়া-৭ আসনে জামায়াতের নির্বাচনী পরিচালক মাওলানা আব্দুল হাকিম সরকার বলেন, “আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। কাউকে অভিযুক্ত করতে চাই না। আমাদের কর্মী ও নারী ভোটারদের হয়রানি করা হচ্ছে। আমরা নির্বাচনে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) প্রত্যাশা করি।”

আরও খবর

Sponsered content