এনামুল হক , ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ৭ এপ্রিল ২০২৬ , ১১:২৯:১২ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা বাজারে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা এক পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পাঠিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী ওই নারীকে উদ্ধার করেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারী ধানীখোলা বাজার এলাকায় অযত্ন ও অবহেলায় বসবাস করছিলেন। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন নজরে এলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয় এবং পরে জানা যায় তিনি অন্তঃসত্ত্বা।
ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। উদ্ধার পরবর্তী সময়ে তাকে প্রাথমিক চিকিৎসা, পুষ্টি সহায়তা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
পরবর্তীতে উন্নত পরিচর্যার জন্য তাকে গাজীপুরের পুবাইল এলাকায় অবস্থিত একটি সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে তার নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, “এটি শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, মানবিক কর্তব্যও। পরিচয়হীন এই নারী কথা বলতে পারেন না। সরকারি বিধান অনুযায়ী তার দুই বছরের দেখভালের ব্যবস্থা করা হয়েছে।”
স্থানীয় সাংবাদিক দ্বীপজয় সরকার বলেন, বিষয়টি সামনে আসার পর প্রশাসনের দ্রুত পদক্ষেপ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
এদিকে স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের মতে, এ ঘটনার পেছনে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।




















