অপরাধ

লালপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুরে ক্ষয়ক্ষতি

  লালপুর (নাটোর) প্রতিনিধি: ২৭ জুন ২০২৬ , ৭:১৭:২৬ প্রিন্ট সংস্করণ

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর গুচ্ছগ্রামে জমি দখলের চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর এবং গাছপালা কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবারের প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগে জানা যায়, শনিবার সকালে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকার বাবলু, মজনু ও রশিদের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রসুলপুর গুচ্ছগ্রামের একটি জমি দখলের উদ্দেশ্যে সেখানে যায় বলে অভিযোগ রয়েছে।

এ সময় জমির দখল নিতে বাধা দেন ভুক্তভোগী রাহাত ও তার পরিবারের সদস্যরা। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা ভুক্তভোগী পরিবারের বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায় এবং বাড়ির চারপাশে থাকা বিভিন্ন গাছপালা কেটে নষ্ট করে। হামলায় পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের ভাষ্য, এ ঘটনায় তাদের আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লালপুর থানায় বাবলু, মজনু, রশিদসহ অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে লালপুর থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

আরও খবর

Sponsered content